কোম্পানীগঞ্জে ওয়ার্ড আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা
কোম্পানীগঞ্জে ওয়ার্ড আ. লীগ নেতাকে গলা কেটে হত্যানোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। তার নাম মো. সোহরাব হোসেন (৪০)।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। তার নাম মো. সোহরাব হোসেন (৪০)।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমজাদে এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহরাব হোসেন কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের সীমান্তবর্তী চর আমজাদের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সোহরাব তার বগা মেশিনের (মাটি কাটার যন্ত্র) টাকার হিসাব নিতে রাত ১২টার দিকে চর আমজাদের বাহারের বাড়িতে যান। বাহারের ঘরে বসেই তারা টাকার হিসাব করছিলেন। এসময় ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ওই বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা সোহরাবকে গলা কেটে হত্যা করে। এছাড়া বাহার, হোসেনসহ তিনজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হোসেন জানান, খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
টাইমস/এইচইউ