© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন
own-reporter
১০:১৩ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২০

টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস দিতেই মার্ক টি এস্পার ফোন করেন বলে জানা গেছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। টেলি কথোপকথনে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন মার্ক টি এস্পার।

ইহসানুল করিম বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে তার প্রশংসা করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের চরম মুহূর্তে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এস্পার কোডিভ-১৯ এ প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করেন।

এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ অবদানকে স্মরণ করে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন মার্ক টি এস্পার।

এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ধারা বাংলাদেশ অব্যাহত রাখবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তাও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া কথোপকথনে উভয় দেশের আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন