© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেলের টেন্ডার নিয়ে রাজশাহীতে যুবলীগ নেতা খুন

শেয়ার করুন:
রেলের টেন্ডার নিয়ে রাজশাহীতে যুবলীগ নেতা খুন
own-reporter-rajshahi
০৯:২০ পিএম | ১৩ নভেম্বর, ২০১৯

রাজশাহীতে রেলের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও সৈনিক লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতা সানোয়ার হোসেন রাসেল (২৮) মারা গেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাব্বি নামে একজন যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল নগরীর বাস্তুহারা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সদস্য ছিলেন।

বুধবার দুপুরে ছুরিকাঘাতে আহত হন তিনি। একই ঘটনায় রাসেলের ভাই আনোয়ার হোসেন রাজাসহ দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহত রাজা নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার অবস্থাও সংকটাপন্ন। তিনি রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ নেতা রাজা এবং সৈনিক লীগ নেতা সুজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বছরখানেক আগেও এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন।

নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ মো. গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। সন্ধ্যায় রাসেল মারা যান। আর সংঘর্ষের পরই রাব্বি নামের এক যুবককে আটক করা হয়েছে।

 

টাইমস/এমএস

মন্তব্য করুন