© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ এর চেতনার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: সেলিমা রহমান

শেয়ার করুন:
২৪ এর চেতনার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: সেলিমা রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব লুটপাট করেছে। এখন শুরু হয়েছে ২৪ এর চেতনা যার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর কেরানীগঞ্জে বিএনপি ৪৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও কাজ শেষ হয়নি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না, আগামী নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, সেই লক্ষ্যে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।

পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে সেখানে কাকে ভোট দিচ্ছে তাই জানবে না জনগণ এ কথা জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণ তার নেতাকে নির্বাচন করবে। বিএনপি ভোটের জন্য লড়বে ও গণতন্ত্রের জন্য লড়বে।

বৈষম্য বিরোধের আড়ালে যেন আরেক বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, যে ভোট দিবে কাকে ভোট দিবে তাকে না চিনলে ভোট দিবে কীভাবে? দেশের মানুষ দল, ব্যক্তি, মার্কা দেখেই ভোট দিবে।

এখন শুধু এক দফা এক দাবি যথাসময়ে নির্বাচন। পুরো দেশে নির্বাচনের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে বলেও জানান তিনি।

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের দিকে তাঁকিয়ে অন্যের গুঁটি না হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার এনসিপির প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থাকলেও আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তার কোনো ভুল হয় নাই। আগামী দিনের গণতন্ত্র রক্ষায়ও তার কোনো ভুল হবে না।

ইএ/টিকে

মন্তব্য করুন