© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বছরজুড়ে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জামায়াতের

শেয়ার করুন:
বছরজুড়ে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জামায়াতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ এএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
বছরজুড়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন এবং চরিত্র নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-কে আল্লাহ তাআলা গোটা মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য পাঠিয়েছিলেন। তিনি গোটা মানবজাতির জন্য রাহমাতুল্লিল আ’লামীন। তার প্রদর্শিত আদর্শই বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ এবং মানবজাতির মুক্তি ও কল্যাণের নিশ্চয়তা।

গোলাম পরওয়ার আরও বলেন, মহান আল্লাহ নবী করিম (সা.)-এর ওপর সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কুরআন নাজিল করেছেন। পবিত্র কুরআনের বাস্তব প্রতিফলনই রাসুলুল্লাহ (সা.)-এর জীবন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক।

তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়। রাসুলুল্লাহ (সা.)-কে খণ্ডিতভাবে অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কারও জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না।

তাই সিরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন করা, যুক্তিনিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ ভাষায় মানুষের সামনে তা তুলে ধরা এবং বাস্তব জীবনে তা অনুসরণ করা প্রতিটি মুসলমানের অবশ্য দায়িত্ব। এ আলোচনা কোনো বিশেষ দিন বা মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে চালাতে হবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন করি, তা নিয়ে আলোচনা করি এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই।

কেএন/টিএ

মন্তব্য করুন