দোহায় হামলার পর যুক্তরাষ্ট্রে কাতারের প্রধানমন্ত্রী, ট্রাম্প ও রুবিও’র সঙ্গে বৈঠকের প্রস্তুতি
ছবি: সংগৃহীত
০৯:১২ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
দোহায় ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। ওয়াশিংটন ডিসিতে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বেশ কিছু প্রতিবেদনে অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শেখ মোহাম্মদ তার সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকে বসতে পারেন। তবে এই বৈঠকের সময় ও স্থান এখনো নিশ্চিত হয়নি।
ট্রাম্প প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে দোহায় ইসরায়েলি আক্রমণ প্রসঙ্গে লিখেছিলেন যে তিনি এ ঘটনায় “খুব খারাপ” বোধ করছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি “উত্তেজিত নন”।
এর আগে শেখ মোহাম্মদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশটি অতি দ্রুততার সঙ্গে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।
ইএ/টিকে