চট্টগ্রামে মাদ্রাসাছাত্রী ধর্ষণে রাজমিস্ত্রীর যাবজ্জীবন
প্রতীকী ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় এক রাজমিস্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাহমুদুর রহমান হায়দার। সে কক্সবাজারের পেকুয়া ৬ নম্বর শীলখালি ওয়ার্ডের মৃত বজল আহমদের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি)।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় অপহরণের দায়ে আসামি মাহমুদুরকে ১৪ বছরের এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি দুই ধারাতেই ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ আগস্ট বাঁশখালীর দশম শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ক্লাস করার জন্য বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি। পরে চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা করলে পুলিশ মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এই রায় দেন।
টাইমস/এইচইউ