ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহসভাপতি পদ পেলেন শিবির নেতা
ছবি: সংগৃহীত
০৭:৩০ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালীর চাটখিলে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে এক শিবির নেতাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এ ঘটনায় ওই নেতা নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ওই নেতার নাম শেখ ফরিদ। তিনি ইসলামী ছাত্রশিবিরের চাটখিল উত্তর থানা শাখার অফিস সম্পাদক। এছাড়া তিনি বর্তমানে নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়ন করছেন। এর আগে ২০২০ সালে চাটখিল কামিল মাদরাসায় পড়াশোনা শেষ করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে ছাত্রদলের চাটখিল কামিল মাদরাসার নবগঠিত কমিটির একটি ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন ফরিদ।
তিনি লেখেন, গতকাল রাতে আমি একটা ফেসবুক পোস্টে এটা দেখতে পেলাম। এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। আমি ২০২০ সালে চাটখিল কামিল মাদরাসা থেকে বিদায় নিয়েছি। তাই এই কমিটিতে আমার নাম থাকার কোনো যৌক্তিকতা নেই। সর্বোপরি আমি ইসলামী ছাত্রশিবিরের রানিং সাথী এবং চাটখিল উত্তর থানা শাখার অফিস সম্পাদক। তাই এই কমিটি সম্পূর্ণ আমার অগোচরে হয়েছে এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে চাটখিল কামিল মাদরাসার নবগঠিত কমিটির সভাপতি ফাহাদ হোসেন দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, ফরিদ শিবির করে—এটা আমাদের জানা ছিল না। সে আমাকে তার মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য দিয়েছে। তবে সে বলেনি যে সে শিবিরের সঙ্গে যুক্ত।
অন্যদিকে শেখ ফরিদ দাবি করেন, সে আমার বন্ধু হিসেবে তথ্য নিয়েছে। ছাত্রদলের কোনো পোস্টে থাকার বিষয়ে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। আমি শিবির করি— এটা সে জানতো।
ঘটনাটি নিয়ে নোয়াখালী জেলা উত্তর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকেকে বলেন,
ছাত্রদল আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন। কিন্তু তারা শিক্ষার্থীবান্ধব রাজনীতি না করে পেশিশক্তি ও ট্যাগিং নির্ভর রাজনীতি করছে। যে কারণে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তারা লোক না পেয়ে যাকে-তাকে কমিটির সদস্য করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহের ভিত্তিতেই কমিটি করি। তবে কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একদিনে সারাদেশে ৭০টি নতুন কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে চাটখিল কামিল মাদরাসা শাখা ছাত্রদলের কমিটিও প্রকাশিত হয়।
এবি/টিকে