টানা বৃষ্টিতে ঢাকায় খানিকটা স্বস্তি, কমেছে বায়ু দূষণ
ছবি: সংগৃহীত
১০:০৩ এএম | ০২ অক্টোবর, ২০২৫
টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে দুদিন ধরে ঢাকার বাতাসের দূষণের পরিমাণ কমতির দিকে। সাধারণত বর্ষায় বা বৃষ্টি হলে ঢাকার বাতাসের দূষণের মাত্রা কম থাকে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের রোববার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৭, যা সহনীয় বাতাসের নির্দেশক। বায়ুদূষণের তালিকায় আজ ১১তম অবস্থানে রয়েছে ঢাকা।
বৃহস্পতিবার বায়ুদূষণের শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৭২। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- ইন্দোনেশিয়ার বাটাম, কাতারের দোহা, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা ও ভিয়েতনামের হো চি মিন সিটি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪৮, ১৪২, ১৩২ ও ১২৩।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এসএস/এসএন