© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাহাতের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোকে আইনি নোটিশ

শেয়ার করুন:
রাহাতের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোকে আইনি নোটিশ
own-reporter
০১:০৩ পিএম | ০৩ নভেম্বর, ২০১৯

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেয়া হয়েছে। নোটিশে দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ নোটিশটি পাঠিয়েছেন। কলেজটির সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে তিনি এ নোটিশ পাঠান।

দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক, সাময়িকী কিশোর আলোর সম্পাদক, তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। তবে ক্ষতিপূরণের অর্থ দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে দিতে বলা হয়েছে।

নোটিশে ক্ষতিপূরণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ধরনের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে এই অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদকের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওই ঘটনায় ক্ষতিপূরণের ১০ কোটি টাকা নিহত আবরার রাহাতের পরিবারকে হস্তান্তর করতে বলা হয়েছে।

তবে ক্ষতিপূরণ না দিলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। পরে আবরারকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

কিশোর আলোর অনুষ্ঠানে নিহত রাহাতের মৃত্যুতে তদন্ত কমিটি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন