© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূষিত বাতাসের শীর্ষ শহর লাহোর, ১০ম অবস্থানে ঢাকা

শেয়ার করুন:
দূষিত বাতাসের শীর্ষ শহর লাহোর, ১০ম অবস্থানে ঢাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ এএম | ১০ অক্টোবর, ২০২৫
কিছুতেই যেন থামছে না রাজধানীর বায়ুদূষণ। শুক্রবার (১০ অক্টোবর) বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ১০ নম্বরে উঠে এসেছে ঢাকা। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। শুক্রবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর।

শহরটির বাতাসের মানের স্কোর ১৮১। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ ও ৩ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী ভারতের কলকাতা ও দিল্লি। এরমধ্যে কলকাতার বাতাসের মানের স্কোর ১৭২ এবং দিল্লির বাতাসের মানের স্কোর ১৫৯। শহরদু’টির বাতাসের মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ১০ নম্বরে ১৫১ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এসএস/এসএন

মন্তব্য করুন