© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শেয়ার করুন:
সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ০২ মার্চ, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

অভিযুক্ত ওই শিক্ষকের নাম মাহবুবুর রহমান ওরফে মানিক মাস্টার (৪৫)। তিনি স্থানীয় আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমানের বাড়িতে এই তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির পেছন থেকে সযতনে রোপণ করা ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা প্রায় ১২ ফুট উঁচু এবং পাঁচ কেজি ওজনের গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

ইউএনও আরও জানান, অভিযানের সময় শিক্ষক মাহবুবুর রহমান নিজের অপরাধ স্বীকার করেছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে কাজীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এবং পরিদর্শক মো. নিজাম উদ্দিন খান।


ইউটি/টিএ

মন্তব্য করুন