© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদলের হাসিবকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত সাদিক কায়েম

শেয়ার করুন:
ছাত্রদলের হাসিবকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ১৩ অক্টোবর, ২০২৫
জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিবকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় হাসিবকে স্মরণ করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নির্ভীক সৈনিকের ন্যায় অত্যন্ত সংকটময় সময়ে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের সহযোদ্ধা হাসিবুর রহমান হাসিব। শুধু তাই নয়, আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যেভাবে ক্যাম্পাস পুনর্গঠনের স্বপ্ন দেখেছিলেন, হাসিব তা বাস্তবায়নের জন্য সর্বদা নিবেদিতপ্রাণ ছিলেন। আজ হাসিব আমাদের মাঝে নেই। হাসিবের স্বপ্নগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে সম্মিলিতভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

গত ৩ অক্টোবর (শুক্রবার) রাত ৯টার পর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন হাসিব। তাৎক্ষণিকভাবে কাছের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসিব বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইউটি/টিএ


মন্তব্য করুন