© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে টিকটকে ছড়াচ্ছে গুজব

শেয়ার করুন:
এবার প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে টিকটকে ছড়াচ্ছে গুজব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ এএম | ১৭ অক্টোবর, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবি করে টিকটকে ভিডিও ছড়িয়ে গুজব ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামী লীগ অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন দু’মাস পিছিয়ে এপ্রিলে হবে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এমন মন্তব্য করেছেন দাবি করে টিকটকে একটি ভিডিও ছড়ানো হয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধান উপদেষ্টা সম্প্রতি এমন কোন মন্তব্য করেননি। গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোন একটি দিনে জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রাথমিক তারিখ ঘোষণা করেন তিনি।

পরবর্তীতে ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে হওয়ার তথ্য নিশ্চিত করেন ড. ইউনূস। ৬ জুনের প্রধান উপদেষ্টার আগের ঘোষণার ভিডিও সম্প্রতি নির্বাচন পেছানোর দাবি করে ছড়ানো হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, সাম্প্রতিক খাগড়াছড়ি ইস্যু, এবং ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

কেএন/এসএন



মন্তব্য করুন