জীবিত থাকতে প্রশংসা করি না, চলে গেলেই যত আদিখ্যেতা : বাপ্পারাজ
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ১৭ অক্টোবর, ২০২৫
অনেক আগেই অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন, এরপর মাঝে হাজির হয়েছিলেন কিছু চলচ্চিত্রেও। তবে ভালো চরিত্রে ডাক পেলে আবারও ফিরতে চান একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ।
অভিনয়ে সরব না থাকলেও পুরনো কাজ কিংবা স্ট্যাটাসের কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই নায়ক। এবার এক মন্তব্যে তিনি জানালেন, চলচ্চিত্রের আজ দুরবস্থার বিষয়টি বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।
শুক্রবার (১৭ অক্টোবর) শিশু-কিশোরদের জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরির টমের এক ছবি পোস্ট করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাপ্পারাজ। সেখানে তিনি লিখেছেন, ‘আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ও নেই বলেই এর উত্থান হয়েছে, ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই, চলচ্চিত্রের আজ দুরবস্থা। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।
ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল, ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।’
এর আগে নিজের ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেছেন।
সেই পোস্ট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে। গত রবিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে তাকে দেখা যায় কালো চশমা পরা, গম্ভীর মুখে দূরে তাকিয়ে থাকতে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন মাত্র এক শব্দ, ‘বিদায়’।
১৯৮৬ সালে চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়করাজ রাজ্জাকপুত্র বাপ্পারাজের।
প্রথম সিনেমায় অভিনয় করেই কুড়ান প্রশংসা। অভিনয় করেছেন একশরও বেশি সিনেমায়। বিশেষ করে ৯০-এর দশকে রোমান্টিক ও ট্র্যাজিক নায়ক হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।
আইকে/টিএ