ঠাকুরগাঁওয়ে ভুয়া প্রকল্পে চাল আত্মসাত, দুদকের হাতে ধরা ৬ কর্মকর্তা
ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁও খাদ্য বিভাগের ৪ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের একটি দল।
মোট ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সমন্বিত কার্যালয়ের ওই দলটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
দলটির নেতৃত্ব দেন দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান। বর্তমানে তাদের দিনাজপুর দুদক কার্যালয়ে রাখা হয়েছে।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ এবং ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা।
দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশ ও জালিয়াতিমূলকভাবে কাগজপত্র তৈরি করে অসৎ উদ্দেশে ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে ৫টি প্রকল্পের ৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা।
টাইমস/এমএস