নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে বিশ বছর আগের এক ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি পাঁচ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- শাহজাহান ওরফে সাজু, কবির ও কাউসার। রায় ঘোষণার সময় আদালতে সাজু উপস্থিত ছিলেন। বাকি দু’জন পলাতক রয়েছেন। এছাড়া এ মামলার অপর আসামি রাজ্জাক মিয়া ও মো. লসকর আলী নামের দুইজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমীন আহমেদ।
তিনি বলেন, ১৯৯৯ সালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া এলাকায় ব্যারিকেড দিয়ে চাল বোঝাই একটি ট্রাক ডাকাতি করেন পাঁচজন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ট্রাকটি উদ্ধারসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে। এদের মধ্যে দুই আসামি রাজা মিয়া ও মো. লস্কর মারা যান। আর বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
টাইমস/এইচইউ