© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারে সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর

শেয়ার করুন:
সাভারে সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ পিএম | ২৭ অক্টোবর, ২০২৫
সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার।

তিনি বলেন, ‘এরইমধ্যে তাদের হস্তান্তর করা হয়েছে। তাদের প্রশাসনের কিছু লোকজন এসেছিলেন, তাদের কাছে দিয়ে দেয়া হয়েছে।’

শেখ মুহাম্মদ আলিয়ার বলেন, ‘আমরা তো আর তাদের আটকে রাখিনি, তারা এখানে ঘুরে ফিরেই বেড়াচ্ছিল। কিন্তু যেহেতু তারা অনেকটা আটকা পড়ে গিয়েছিল, এবং রাতের বেলা ছিল। আমরা মূলত তাদের সেইফ করার চেষ্টা করেছি। কারণ কেউ যেন তাদের আঘাত করতে না পারে, এইজন্য তাদের একটা নিরাপত্তার মধ্যে আমরা রেখেছিলাম। এরপর উনারা এসে তাদের নিয়ে গেছেন।’

এদিকে শিক্ষার্থীদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘ছাত্রদের ছাড়ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের পিটিয়ে আধমরা করে ফেলেছে। এছাড়াও ছেড়ে দেয়ার আমাদের ভিসি শিক্ষার্থীদের সেখানে ভাঙচুর করতে পাঠিয়েছে এমন জবানবন্দিও রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মূলত ইউজিসি তাদের মুক্ত করেছে। ইউজিসির প্রতিনিধি দলের কাছে শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, শিক্ষিকরাও ছিলেন। এখন ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে, তাদের এখন আমরা হাসপাতালে পাঠাচ্ছি। শিক্ষার্থীদের অবস্থা অত্যন্ত গুরুতর, তাদের ব্যাপক মারধর করা হয়েছে।’

কেএন/এসএন



মন্তব্য করুন