মেহেন্দিগঞ্জে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। এছাড়া আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন সিকদার (৩৫)। সে উপজেলার জালিত চর গ্রামের মৃত ধলু সিকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ঘুনিয়ার চর গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে স্কুল থেকে বাসায় ফেরার সময় তুলে নিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে ধর্ষণ করেন। এ ঘটনায় একই বছরের ২১ অক্টোবর কিশোরীর বাবা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার এসআই কামাল হোসেন ধর্ষক সুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ওই রায় দেন।
টাইমস/এইচইউ