© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না: রিজভী

শেয়ার করুন:
আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ২৯ অক্টোবর, ২০২৫
আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৯শে অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে অনেক কাঁটা-কণ্টক পথ অতিক্রম করতে হবে। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন। পরিবারের ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যার ফলশ্রুতিতেই ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে।

শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন মন্তব্য করে তিনি বলেন, হাসিনা দেশ থেকে পালিয়েছে। কিন্তু ভিন্ন দেশে গিয়েও বসে নেই, নানামুখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেন।

২৪ আন্দোলনে অংশ নিলেও বর্তমানে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, যদি নির্বাচনে বাধাই দেন, তাহলে পালিয়ে যাওয়া দলের সাথে আপনাদের পার্থক্য কোথায়?

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

আইকে/টিএ

মন্তব্য করুন