কুমিল্লায় নিহত আটজনের পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
কুমিল্লার লালমাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে মোট ১২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ক্ষতিপূরণ চেয়ে পরিবারের পক্ষ থেকে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু ও আইনজীবী মো. জহিরুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
গত ১৮ আগস্ট দুপুর ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার জামতলা এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ মোট ৮জন নিহত হন।
নিহতরা হলেন- কুমিল্লার গোয়ালপট্টি এলাকার বন্দন হোটেলের মালিক ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৪৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪০), জসিমের শাশুড়ি সকিনা বেগম (৭০), জসিমের বড় ছেলে শিপন (১৭), দ্বিতীয় ছেলে হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩), নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামের শাইমুন হোসেন (১৫) এবং সিএনজিচালিত অটোরিকশা চালক জামাল হোসেন (৩৫)। জামাল নাঙ্গলকোট উপজেলার করপতি ব্যাপারী বাড়ির মৃত জিতু মিয়ার ছেলে।
পরে নিহত রিফাতের পরিবারের পক্ষে মো. মহসিন ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন।
টাইমস/এইচইউ