রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
ছবি: সংগৃহীত
১২:৪১ এএম | ১৪ নভেম্বর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখার ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে নগরীর মতিহার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী । জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতা গত ২০ এপ্রিল পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন।
আটকের বিষয়ে জানতে চাইলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে আমরা তাকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সার্বিক বিষয় আমলে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএস/টিএ