পেঁয়াজ ব্যবসায়ীর জামিন মেলেনি হাইকোর্টে
ফেনীর পেঁয়াজ ব্যবসায়ী মইন উদ্দিনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অবৈধভাবে এক হাজার ৪শ কেজি (৪২ বস্তা) পেঁয়াজ মজুত রাখার অপরাধে মইন উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় জামিন চেয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইকোর্টে আবেদন করেন মইন উদ্দিন। কিন্তু আদালত ওই আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেন।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে পেঁয়াজ ব্যবসায়ীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এসময় রাষ্ট্রপক্ষের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, সম্প্রতি পেঁয়াজের উচ্চমূল্যের কারণে দেশব্যাপী হুলুস্থুল পড়ে গিয়েছিল। যা নিয়ে সরকারের মেগা প্রকল্পসহ সব বড় অর্জন ম্লান হওয়ার উপক্রম হয়। তাই অবৈধ মজুতের অভিযোগের এই আসামিকে জামিন দিলে অন্যরাও উৎসাহিত হবে। এ কারণে চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত এ আসামিকে জামিন দেয়া উচিত হবে না।
জানা গেছে, ফেনীর ব্যবসায়ী মইন উদ্দিন প্রায় এক হাজার ৪০০ কেজি পেঁয়াজ কিনে মজুত করেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি অন্তর্বর্তী জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে মইন উদ্দিন নিম্ন আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
টাইমস/এসএন/এইচইউ