রাজার প্রাসাদ থেকে মান্নাত, শাহরুখের ড্রিম হোমের পেছনের গল্প
ছবি: সংগৃহীত
০৯:৩১ পিএম | ২৬ নভেম্বর, ২০২৫
দিল্লি থেকে মুম্বাই এসে মায়ানগরীতে টিকে থাকা, অভিনয়ের মাধ্যমে দর্শকের মনের রাস্তা খোঁজা স্ট্রাগলার ছেলেটা স্বপ্ন দেখেছিল মুম্বাইয়ের চোখ ধাঁধানো প্রাসাদটা কেনার। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন? তিনি আর কেউ নন, বলিউডের 'কিং খান' শাহরুখ খান।
কীভাবে মুম্বাইয়ের বুকে মান্নাতের মতো প্রাসাদোপম বাংলোর মালিক হলেন শাহরুখ? স্বপ্ন দেখার শুরুই বা কোথায় জানেন? শাহরুখ তখন জার্নি শুরু করেছেন বলিউডে। বাদশা হয়ে ওঠা তখনও হয়নি তাঁর। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করার লড়াই চালিয়ে যাচ্ছেন। এমন সময় 'ইয়েস বস' ছবির একটি গানের শুটিং হয়েছিল তাঁর আজকের মান্নাতের সামনে। সেই সময় সেই প্রাসাদ দেখে মুগ্ধ শাহরুখ বলেছিলেন, "একদিন আমি এই প্রাসাদ কিনব।"
এরপর বয়ে গিয়েছে অনেক জল। মুম্বাইয়ের অন্যতম 'ল্যান্ডমার্ক' এখন মান্নাত বহু হাত বদল হয়ে এসেছিল শাহরুখের কাছে। কিন্তু জানেন কি শাহরুখের আগে এই প্রাসাদোপম বাংলোর মালিক কে ছিলেন? কীভাবে তা তৈরি হয়েছিল?
ইতিহাস ঘাঁটলে জানা যায় ১৯১৪ সাল নাগাদ তৈরি হয়েছিল এই প্রাসাদ। হিমাচল প্রদেশের মান্ডির রাজা বিজয় সেন তাঁর রাজত্বকালে নির্মাণ করেছিলেন অধুনা 'মান্নাত'। রাজা বিজয় সেন তাঁর স্ত্রী অর্থাৎ তাঁর রানির জন্যই নাকি তা তৈরি করেছিলেন।
রাজা বিজয় সেনের মৃত্যুর পর এই প্রাসাদ কেনেন এক পার্সি সঙ্গীত অনুরাগী। নাম দেন 'ভিলা ভিয়েনা'। ভিয়েনা ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগ থেকে এই আজকের মান্নাতের নামকরণ হয় 'ভিলা ভিয়েনা'। এরপর তাঁর মৃত্যুর পর এই প্রাসাদ দেখাশোনার সমস্ত দায়িত্বভার পান তাঁর পৌত্র।
পরবর্তীতে ১৯৯০ সালের শেষের দিকে এই বাংলো কেনেন ভরত শাহ নামে এক প্রযোজক। যিনি ছিলেন বিপুল ধনসম্পত্তির অধিকারী। সেই সময়েই কাকতালীয় ভাবে শাহরুখের তাঁর এই ড্রিম হাউসকে চাক্ষুষ করা। এই বাড়ি একদিন তাঁর হবে সেই স্বপ্ন বোনার শুরু।
তবে বেশিদিন তার জন্য অপেক্ষা করতে হয়নি। ২০০১ সালে মুম্বাইয়ের বুকে নিজের ড্রিম হাউস কেনেন শাহরুখ ও গৌরী। এককালের রাজার প্রাসাদ হয়ে ওঠে বলিউডের কিং'এর 'মান্নাত'।
যদিও জানা যায় যে, প্রথমে মান্নাত নয়, শাহরুখ ও গৌরী স্বর্গের সমান এই বাংলোর নাম রেখেছিলেন জন্নত। পরবর্তীকালে সেই নাম তাঁরা পরিবর্তন করে রাখেন মান্নাত। ১৩ কোটি টাকার বিনিময়ে ২০০১ সালে এই প্রাসাদোপম বাংলো কেনেন বাদশা।
বর্তমানে বাড়ছে মান্নাতের কলেবর। চলছে শাহরুখের বাড়ির অন্দরে জোরকদমে কাজ। নতুনভাবে নিজের বাসস্থানকে সাজিয়ে তুলছেন বাদশা।
দিল্লির ভূমিপুত্র শাহরুখ বেড়ে ওঠার সময় দেখেছেন রাজধানীতে অধিকাংশ মানুষের বাংলো রয়েছে। সেখান থেকেই নাকি তাঁর বাংলো কেনার স্বপ্ন দেখার শুরু। আর ঠিক তাঁর সেই সিনেমার সংলাপের মতোই বলতে হয় 'কিসি চিজ কো সিদ্ধত সে চাহো তো...', অর্থাৎ মন থেকে চাইলে, স্বপ্ন দেখলে তা সত্যিও হয়।
কেএন/টিএ