© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের স্নেহের পরশে জমজমাট মৌবনীর গায়েহলুদ

শেয়ার করুন:
মায়ের স্নেহের পরশে জমজমাট মৌবনীর গায়েহলুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌবনী সরকারের বিয়েবাড়িতে সাজসজ্জা, স্নেহ, আবেগ আর আনন্দে রোববার সকাল থেকেই যেন উৎসবের রঙ। জাদুসম্রাট পি সি সরকারের বাইপাসের ধারের বাড়িতে বেজে উঠেছে বিয়ের সানাই। শেষমুহূর্তের তোরজোড়, আত্মীয় স্বজনের আসা যাওয়া, আর নিয়মকানুন মিলিয়ে জমজমাট পরিবেশ সবকিছুর কেন্দ্রেই জাদুকরকন্যা মৌবনী।



হলুদ শাড়ি, সোনার গয়না আর একগাল হাসিতে রবিবার সকালে গায়ে হলুদের সাজে উদ্ভাসিত ছিলেন মৌবনী সরকার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, হাতে নকশা করা মেহেন্দিতে গাঢ় হয়ে আছে হবু স্বামী সৌম্য রায়ের নামের আদ্যাক্ষর। তার আগের দিনেই মেহেন্দির অনুষ্ঠান সেরে নিয়েছিলেন তিনি।

চন্দননগরের ছেলে, পেশায় রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায়ের সঙ্গে আজ সাতপাকে বাঁধা পড়ছেন মৌবনী। বিয়ের প্রতিটি পর্বে মায়ের স্নেহ, বোনদের খুনসুটি আর পরিবারের আবেগ যেন আরও রঙিন করে তুলছে অনুষ্ঠানকে। গায়ে হলুদে মেয়েকে নিজের হাতে পরশ দিয়ে আবেগে ভেসে ওঠেন মৌবনীর মা সেই মুহূর্তও ধরা পড়েছে ছবিতে।

এর কিছুদিন আগেই জাদুসম্রাটের বাড়িতে হয়েছিল ঐতিহ্যবাহী আইবুড়োভাত। রূপোর থালায় সাজানো বাঙালি পদ নিয়ে মেয়েকে খাইয়েছিলেন মা-বাবা। এখন সব শেষ প্রস্তুতি সম্পন্ন, আজ বারাণসী থেকে আনা বেনারসীতে সেজে বিয়ে মঞ্চে উঠবেন মৌবনী।

বোন মুমতাজ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন জামাইবাবুকে নিয়ে কী ধরনের খুনসুটি হতে চলেছে। জুতোচুরি নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন হবে বলেও ঠাট্টা করেছেন তিনি।

জাদুকর পরিবারের আয়োজন, প্রিয় মেয়ের বিয়ে, আর ঘরোয়া আবেগ সব মিলিয়ে মৌবনীর বিয়েবাড়ি এখন টলিউডের সবচেয়ে আলোচিত ঠিকানা।


আরপি/এসএন

মন্তব্য করুন