© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাপারাজ্জিদের সংস্কৃতিতে বিশ্বাসী নন জয়া

শেয়ার করুন:
পাপারাজ্জিদের সংস্কৃতিতে বিশ্বাসী নন জয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৪ এএম | ০১ ডিসেম্বর, ২০২৫
তারকাদের দেখলেই তাদের ক্যামেরাবন্দি করা পাপারাজ্জিদের কাজ। তারকারাও প্রায়ই হাসিমুখে পোজ দিয়ে থাকেন, কখনও বা নিজের খেয়ালে এড়িয়ে যান। কিন্তু সব তারকা থেকে আলাদা প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন।

ছবিশিকারিদের সঙ্গে প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের সম্পর্ক যে অম্লমধুর তা প্রায় সকলেরই জানা।

‘পাপারাজ্জিদের’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন তিনি। সে কথাও বলেছেন বহুবার। এবার প্রকাশ্যে প্রশ্ন তুললেন জয়া। বললেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোন পড়াশোনা আছে?”

সমাজমাধ্যমে চোখ রাখলে মাঝে মাঝেই এমন অনেক ভিডিও ঘুরেফিরে আসে। কখনও দেখা যাচ্ছে, রেগে গিয়ে জয়া প্রকাশ্যে বিরক্তির সুরে ধমকাচ্ছেন কাউকে। আবার কখনও কাউকে শিক্ষা দিচ্ছেন, অনুমতি না নিয়ে কখনো কারও ছবি তোলা উচিত নয়। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারা এখন একেবারেই উল্টে গিয়েছে। অভিনেতারা বাড়িতে কী করছেন? সেটাও গাছের আড়ালে ক্যামেরা তাক করে ফ্রেমবন্দি করতে দ্বিধা করেন না অনেকে।

কিছুদিন আগে এই কারণে রেগে গিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুর এবং আলিয়ার নতুন বাড়ির ভিডিও ছড়িয়ে পড়েছিল সর্বত্র। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল বাড়ির ভিতরটা। তাতেই ক্ষুব্ধ হয়েছিলেন কাপুর বাড়ির বৌমা। এবার এক অনুষ্ঠানে এসে ছবিশিকারিদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেত্রী জয়া।

তিনি বললেন, “এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। সুতরাং ভাল করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?” ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।

জয়ার বাবা তরুণকুমার ভাদুড়ী ছিলেন সাংবাদিক। দুটি নামী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাধিক উপন্যাসও লিখেছেন। সাংবাদিকের মেয়ে হিসাবে কখনও এই সংস্কৃতি মেনে নিতে পারেন না জয়া।

পিএ/টিএ 

মন্তব্য করুন