মেট্রোরেলে ২ ট্রেনের সময়ের ব্যবধান আরও কমছে
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ০১ ডিসেম্বর, ২০২৫
আগামী দুই মাসের মধ্যে ট্রেনের মধ্যবর্তী সময় (হেডওয়ে) সোয়া ৪ মিনিটে নামিয়ে আনা হবে। আজ সোমবার (১ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে এ কথা বলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
তিনি বলেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে। আগে প্রতিদিনের যাত্রী ছিল ৪ লাখ ৬০ থেকে ৭০ হাজার। বেয়ারিং দুর্ঘটনার পর ৪ লাখের আশেপাশে নেমে এসেছে। মেট্রোরেলে সকালের ভিড়ও কমেছে বলে জানান তিনি।
এ বছর মেট্রোরেলের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা ৪৫০ কোটি টাকা ধরা হয়েছে বলেও জানান ফারুক আহমেদ।
এছাড়া মেট্রোস্টেশনের দোকানের ভাড়া আশার চেয়ে বেশি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ডিএমটিসিএলের এমডি জানান, ফেব্রুয়ারির মধ্যে ফার্মগেট পার্ক ফেরত দেওয়া হবে।
এমকে/এসএন