© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে রাতে মীমাংসার পর সকালে মিলল গৃহবধূর লাশ

শেয়ার করুন:
ফরিদপুরে রাতে মীমাংসার পর সকালে মিলল গৃহবধূর লাশ
own-reporter-faridpur
০২:০৫ পিএম | ১৪ জানুয়ারি, ২০২০

ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিনা বেগম (২২)। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী ট্রাকচালক মো. হাসান পলাতক রয়েছেন।

ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিনা বেগম (২২)। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী ট্রাকচালক মো. হাসান পলাতক রয়েছেন।

মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিনা বেগম ফরিদপুরের সালথা উপজেলার কুমার পট্টি গ্রামের মো. শাহজাহানের মেয়ে।

স্থানীয়রা জানায়, ৯ বছর আগে একই উপজেলার রামকান্তপুর গ্রামের মো. হাসানের সঙ্গে বিয়ে হয় রিনার। তাদের পাঁচ বছর বয়সী আনিতা ও তিন বছর বয়সী তালহা নামে দুই সন্তান রয়েছে। বেশ কয়েক বছর তারা শহরের চরকমলাপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের ভাই মো. রাজীব জানায়, রিনা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। রাতে দুই পরিবারের লোকদের উপস্থিতিতে কলহ মিমাংসা করে সবাই নিজ নিজ বাসায় ঘুমাতে যান। সকালে খোঁজ নেওয়ার জন্য তার মা জোলেখা বেগম রিনার ঘরে গেলে ঘরের ভেতর রিনাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় রিনাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী হাসান পলাতক রয়েছেন।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন