বাংলাদেশ টাইমসের সাংবাদিকদের আটকের ঘটনায় 'সিপিজে'র প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত
০৪:৫৬ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ টাইমসের সাংবাদিকদের সাময়িক আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস সিপিজে এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমকর্মীদের আটকের মতো ঘটনায় উদ্বেগ তৈরি হয় এবং তা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা বহন করে। সিপিজে বলেছে, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হয়রানি বা আটক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এর আগে সামরিক বাহিনী নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের অভিযোগে বাংলাদেশ টাইমসের ২১ জন সাংবাদিক, সহযোগী ও নিরাপত্তারক্ষীকে ঢাকার কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য কোনো অভিযোগ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর দেশ-বিদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে। সিপিজে বলেছে, পুরো ঘটনার ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট করা জরুরি।
এসএন