© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে বয়সসীমা শিথিল

শেয়ার করুন:
স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে বয়সসীমা শিথিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ০৩ ডিসেম্বর, ২০২৫
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা তুলে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর ফলে বয়সসীমা-সংক্রান্ত জটিলতায় যারা এতদিন আবেদন করতে পারছিলেন না, তারাও এখন আবেদন করতে পারবেন। তবে বোর্ড রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত বয়সসীমা ঠিক রাখতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাউশি।

বুধবার (৩ ডিসেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে স্কুলে ভর্তির নীতিমালা সংশোধনের বিষয়টি জানায় অধিদপ্তর।

মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত নীতিমালায় দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ সম্পর্কিত অংশটি বাতিল করা হয়েছে। আগে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বয়সের ধারাবাহিকতা পরবর্তী শ্রেণিগুলোতে প্রযোজ্য ছিল। এখন সেই শর্ত আর থাকছে না।

এতে আরও জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন চলমান। শিক্ষা মন্ত্রণালয় ১৩ নভেম্বর যে ভর্তি নীতিমালা প্রকাশ করেছিল, তার অনুচ্ছেদ-২ এর বয়স নির্ধারণ অংশে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধনের পর প্রথম শ্রেণির ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে। এভাবে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। তবে ভর্তির শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ৫ বছর এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ৭ বছর। যেমন, ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে সর্বনিম্ন ১ জানুয়ারি ২০২১ এবং সর্বোচ্চ ৩১ ডিসেম্বর ২০১৮।

এ ছাড়া শিক্ষার্থীর বয়স নির্ধারণে আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত বয়স সুবিধা প্রয়োগ করা যাবে বলেও জানানো হয়েছে।

আরপি/এসএন

মন্তব্য করুন