© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্বৃত্তদের গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি, আতঙ্কিত না হওয়ার অনুরোধ

শেয়ার করুন:
দুর্বৃত্তদের গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি, আতঙ্কিত না হওয়ার অনুরোধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ১২ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেফতারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার ন্যায় এই ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের ও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’

বিজ্ঞপ্তিতে এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনও তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

ইউটি/টিকে

মন্তব্য করুন