© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনকে শোকজ

শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫২ এএম | ১৮ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপির প্রার্থী ও কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এই আদেশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী। ‘লিখন সরকার’ নামের ফেসবুক আইডিসহ বেশ কিছু আইডি থেকে ধানের শীষের ভোট চেয়ে এবং স্লোগান দিয়ে স্থিরচিত্রসহ ভিডিও প্রচার করা হচ্ছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ বিধির লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাসান জাফির তুহিনের কাছে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। উপর্যুক্ত কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাবনার সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাসান জাফির তুহিনের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউটি/টিএ

মন্তব্য করুন