© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

শেয়ার করুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ এএম | ২০ জানুয়ারি, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও এর আশপাশে হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা- স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত- এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮৮ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এছাড়া সম্প্রতি জারি করা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ প্রতিরোধে পুলিশকে সরাসরি জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আইন অমান্য করে নীরব এলাকায় হর্ন বাজালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর/টিএ 

মন্তব্য করুন