তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে আংশিক শাটডাউন। সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাস না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্য। যার প্রভাব পড়েছে সিনেটেও।
যে অভিবাসন ইস্যুটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হতে সহায়তার করেছিল, সেটিই এখন দলটির রাজনৈতিক অবস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন প্রশাসন ও রিপাবলিকান আইনপ্রণেতারা।
স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি অর্থায়নের একটি প্যাকেজ অনুমোদন দেয় মার্কিন সিনেট। উচ্চকক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সমর্থনে ৭১-২৯ ভোটে বিলটি পাস হয়।
বিলটিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট- আইসিই ও কেন্দ্রীয়ভাবে অর্থায়িত অলাভজনক সংস্থা- সিবিপি সংস্কার নিয়ে আলোচনার স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ-ডিএইচএসের অর্থায়ন দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।
এদিকে প্রতিনিধি পরিষদ ছুটিতে থাকায় সোমবারের আগে ভোট না হওয়ায় সরকারি বিভাগগুলোতে শুরু হয় আংশিক শাটডাউন। শনিবার থেকে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন বিভাগসহ একাধিক ফেডারেল সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ‘সুশৃঙ্খল শাটডাউন’ পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছে ব্যবস্থাপনা ও বাজেট দফতর। যদিও শাটডাউন স্বল্পস্থায়ী হবে বলে দাবি প্রশাসনের।
এর আগে গত অক্টোবরে ৪৩ দিনের দীর্ঘতম অচলাবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, বর্তমান শাটডাউন আবারও যুক্তরাষ্ট্রের রাজস্ব নীতির কাঠামোগত সমস্যাগুলোকে সামনে এনেছে।
এসএস/টিকে