শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক পেছাচ্ছে, নিশ্চিত করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ১৮ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তিনি মাসের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা স্থগিত করছেন, কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধই এখন ওয়াশিংটনের মনোযোগের সিংহভাগ জুড়ে রয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা বৈঠকটি পুনরায় নির্ধারণ করছি।’ এ বিষয়ে চীনের সঙ্গে কাজ করছি। এতে তাদের কোনো আপত্তি ছিল না।’ ট্রাম্পের মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং হরমুজ প্রণালী প্রায় সমস্ত বৈশ্বিক নৌ চলাচলের জন্য বন্ধ রয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘যুদ্ধের কারণে আমি এখানে (ওয়াশিংটন) থাকতে চাই। আমাকে এখানে থাকতেই হবে।’
ট্রাম্পের ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বেইজিং সফরের কথা ছিল। তবে প্রেসিডেন্ট বলেছেন, তিনি এখন প্রায় পাঁচ সপ্তাহ পর বা এপ্রিলের শেষের দিকে সফর করার পরিকল্পনা করছেন। তার শেষ রাষ্ট্রীয় চীন সফর ছিল ২০১৭ সালে, প্রথম মেয়াদের সময়।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে, ট্রাম্পের সফরের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
চীনের প্রেসিডেন্টের সাথে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ ও চুম্বকের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ থেকে শুরু করে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং চীনের ফেন্টানাইল রপ্তানি পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্প ও শি’র আলোচনা করবেন বলে আশা করা হচ্ছিল।
অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় এক বৈঠকের পর, শি জিনপিং এবং ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ স্থগিত হয়। এছাড়া উভয় পক্ষই তাদের বিরোধ নিষ্পত্তির জন্য একটি আরও ব্যাপক বাণিজ্য চুক্তির ওপর কাজ করে আসছে।
সূত্র: আল জাজিরা
এমআই/এসএন