বিতর্কের ঘূর্ণিপাকের মধ্যেই হঠাৎ যেন এক অন্য আবহে দেখা গেল সুরের জাদুকর এ আর রহমানকে। সাম্প্রতিক মন্তব্য ঘিরে যখন বলিউডের অন্দরে তর্ক-বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়েই জনপ্রিয় কৌতুক অনুষ্ঠানের মঞ্চে তাঁর উপস্থিতি যেন হালকা হাওয়ার মতো ছুঁয়ে গেল দর্শকদের মন। পর্দায় তাঁর আগমন ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে, আর সম্প্রচারের পর সেই আগ্রহ যে যথার্থ ছিল, তা স্পষ্ট দর্শক প্রতিক্রিয়াতেই।
অনুষ্ঠানের শুরু থেকেই ছিল হাসি-মজার আবহ। গানের জাদুতে যেমন মুগ্ধ করেছেন, তেমনই কথোপকথনের সহজ ভঙ্গিতেও ধরা দিয়েছে তাঁর স্বভাবসিদ্ধ নম্রতা। বিতর্কের প্রসঙ্গ একেবারেই এড়িয়ে গিয়ে পুরো পর্বটিকে আনন্দঘন করে তুলতেই যেন সচেষ্ট ছিলেন সকলে। বহু দর্শকের মতে, রহমানকে নিয়ে আগের নানা পর্বের তুলনায় এই উপস্থিতি ছিল আলাদা, অনেক বেশি উষ্ণ এবং স্বস্তিদায়ক।
এই বিশেষ পর্বটি ছিল একটি আসন্ন ছবির প্রচার উপলক্ষে আয়োজিত। রহমানের সঙ্গে মঞ্চে দেখা যায় একাধিক শিল্পীকেও। তবে সব কিছুর মধ্যেও যে মুহূর্তটি সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে, তা হল একটি শপথ নেওয়ার দৃশ্য। অনুষ্ঠানের সঞ্চালকের অনুরোধে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের স্মৃতিবাহী একটি সিডিতে হাত রেখে শপথ নেন রহমান। শর্ত ছিল, পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তিনি দেবেন সরাসরি, এক লাইনে, এড়িয়ে যাবেন না কোনও প্রশ্ন।
এরপর শুরু হয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব। সহজ-সরল উত্তর আর মৃদু হাসির ফাঁকে ধরা পড়ে তার স্বভাবসুলভ সংযম। বিতর্কের কালো মেঘ সরিয়ে সেই মুহূর্ত যেন হয়ে ওঠে নিছক বিনোদনের, যেখানে সুরকার রহমানকে দেখা যায় একদম ভিন্ন আলোয়। দর্শকদের অনেকেই মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনার আবহে এই উপস্থিতি যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস এনে দিল বিনোদন জগতে।
পিআর/টিকে