কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্যের জট খুললেন নিজেই
ছবি: সংগৃহীত
১১:৪২ এএম | ০৯ অক্টোবর, ২০২৬
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল ছবিটিতে কানাডা পুলিশের পোশাকে দেখা গেছে তাকে। যা নিয়ে রীতিমত আলোচনা ও চর্চার শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকেরই প্রশ্ন―প্রবাসে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম রেখে কি তাহলে কানাডিয়ান পুলিশে যোগ দিলেন জায়েদ খান?
এ নায়ককে সোশ্যাল মিডিয়ায় কানাডিয়ান পুলিশের পোশাকে দেখে এমন নানা প্রশ্ন থাকলেও, বিষয়টি খোলাসা করেছেন তিনি। জানিয়েছেন, ছবিটি কানাডিয়ান পুলিশের পোশাকের হলেও, তিনি পুলিশের চাকরিতে যোগদান করেননি। সিনেমার মানুষ, সিনেমা নিয়েই আছেন এবং ভবিষ্যতে সিনেমা নিয়েই কাজ করতে চান।
জায়েদ খান বলেন, স্বাভাবিকভাবে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলাম আমি। কানাডিয়ান পুলিশের একটি জ্যাকেট পরিহিত ছবি। শুরুতে ভাবিনি যে, ছবিটি নিয়ে আমার শুভাকাঙ্ক্ষীরা এভাবে ভাববেন। আসলে আমি এখানে কোনো পুলিশের চাকরিতে যোগ দেইনি। ছবিটি আমাদের ‘ভায়োলেনস’ সিনেমায় আমার চরিত্রের একটি অংশ।

তিনি জানান, কানাডায় নির্মিতব্য বাংলা সিনেমা ‘ভায়োলেনস’-এ একজন কানাডিয়ান পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। সেই চরিত্রে শুটিংয়ের ফাঁকে তোলা হয়েছিল ছবিটি। যা পরে ফেসবুকে পোস্ট করলে আলোচনার সৃষ্টি হয়।
এ অভিনেতা বলেন, কানাডায় আমরা ‘ভায়োলেনস’র শুটিং করছি। একটানা শুটিং চলছে। খুব সুন্দর একটি গল্প। সবার কাছে ভালো লাগবে। আপাতত সুন্দরভাবে কাজটি শেষ করার অপেক্ষায় আছি। এর শুটিংয়ের জন্য কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে কানাডায় এসেছি। এখানে কাজ শেষ হলে আবার যুক্তরাষ্ট্র ফিরব। আর আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়েই থাকার চিন্তাভাবনা।
উল্লেখ্য, গত আগস্টের শেষ দিকে জানা যায়―আন্তর্জাতিক অঙ্গনে ঢাকাই অভিনয়শিল্পীদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেনস’। ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরীর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসন বাবর। অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে কানাডিয়ান পুলিশের চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। এতে তার সঙ্গে আরও থাকছেন ঢালিউড চিত্রনায়িকা শিরিন শিলা ও অধরা খান।
কেএন/টিএ