বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করেছে যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ৫০০ টন গম নিয়ে আসা ‘এমভি আলট্রা ওল’ নামে একটি বাণিজ্যিক জাহাজ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জাহাজটি বন্দরের অভ্যান্তরে প্রবেশ করে। এরপর দুপুরে গমের নমুনা পরীক্ষা শেষে এর খালাস কার্যক্রম শুরু হয়।
এর আগে ওই জাহাজটি গত ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে।
এ বিষয়ে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিসের ব্যবস্থাপক মো. শামিম জানান, গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ বছরের ২৯ জানুয়ারি বন্দরের বহিঃনোঙ্গরের ফেয়ারওয়ে বয়ায় এসে অবস্থান করে। এরপর গমের নমুনা পরীক্ষা শেষে রোববার দুপুরের পালা (বি সিপ্ট) থেকে ওই জাহাজের গম খালাসের কার্যক্রম শুরু হয়।
মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জিটুজি’র চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।
তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানের ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সেসব গম প্রথমে সরকারি খাদ্যগুদাম মোংলা সাইলোতে মজুদ করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ স্বাক্ষর হয়, যার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে।
এমআই/এসএন