বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নরওয়ে সরকার ১০ লাখ মার্কিন ডলারের অনুদান দিয়েছে। দেশটির এই অনুদানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
রবিবার (১ ফেব্রুয়ারি) ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নরওয়ের এই অনুদানকে স্বাগত জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থায়ন ২০২৫-২৬ সালে ইউএনএইচসিআরের বৈশ্বিক বাজেটে সহায়তার অংশ হিসেবে এসেছে।
সংস্থাটির জীবন রক্ষাকারী কার্যক্রম অব্যাহত রাখতে এবং ক্রমবর্ধমান সুরক্ষা ও মানবিক চাহিদা পূরণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে মানবিক তহবিল কমে যাওয়ায় ইতোমধ্যে অগ্রাধিকার নির্ধারণ করা কঠিন হয়ে গেছে এবং প্রয়োজনীয় সেবা কমাতে হয়েছে। এর ফলে শরণার্থী ক্যাম্পগুলোতে ঝুঁকি আরও বেড়েছে।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন বলেন, সংকটের নবম বছরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুস্থভাবে বেঁচে থাকা এবং আশা টিকিয়ে রাখতে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আন্তর্জাতিক সহায়তা দরকার।
নরওয়ের এই অনুদান শরণার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবিকাভিত্তিক সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসকে আরও মজবুত করবে এবং স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে ও নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার আগপর্যন্ত তাদের মনোবল অটুট রাখবে।
এমআর/টিএ