চোখের সামনে স্বয়ং বলিউড বাদশা, অথচ তাঁকে চিনতেই পারলেন না কর্তব্যরত নিরাপত্তাকর্মী! সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঝোড়ো গতিতে ঘুরে বেড়াচ্ছে শাহরুখ খানের একটি ভিডিও, যেখানে মুম্বাই বিমানবন্দরের চেকিং লাইনে একেবারে একজন সাধারণ যাত্রীর মতো ধরা দিয়েছেন এই বিশ্বসেরা তারকা।
গত ২৯ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে পৌঁছান শাহরুখ খান। তাঁর পরনে ছিল আকাশী রঙের হুডি, জিন্স প্যান্ট আর মাথায় কালো টুপি। এমন সাদামাটা লুকে থাকা শাহরুখকে দেখে নিরাপত্তাকর্মীদের পক্ষে হুট করে চেনার উপায় ছিল না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিকিউরিটি চেকিংয়ের সময় একজন নিরাপত্তাকর্মী তাঁকে থামান এবং নিয়ম অনুযায়ী সানগ্লাস খুলতে বলেন। মজার ব্যাপার হলো, নিরাপত্তাকর্মী তখনো বুঝতে পারেননি যে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ের রাজা।
সাধারণত এমন পরিস্থিতিতে অনেক তারকা বিরক্ত বোধ করলেও শাহরুখ ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো বিরক্তি বা তর্ক নয়, বরং অত্যন্ত শান্তভাবে সানগ্লাস খুলে মৃদু হাসেন কিং খান।
নিরাপত্তা প্রক্রিয়া শেষ হওয়ার পর ওই গার্ডের কাঁধে হাত রেখে পরম মমতায় এগিয়ে যান তিনি। বলিউড বাদশার এমন বিনয়ী আচরণে মুগ্ধ নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, “এইজন্যই তিনি রাজা।” অন্যজন লিখেছেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি নিরাপত্তা প্রক্রিয়াকে যথাযথ সম্মান জানিয়েছেন।”
ব্যক্তিগত আচরণের পাশাপাশি কাজের ক্ষেত্রেও এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান। বর্তমানে তিনি তাঁর আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই বিগ বাজেট সিনেমায় আরও থাকছেন রানী মুখার্জী, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। সিনেমার পোস্টার ইতোমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টিজে/টিএ