© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর

শেয়ার করুন:
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ এএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন আদিত্য রায় কাপুর ও করণ জোহর। আগেও তাঁদের সহযোগিতায় একাধিক ছবি দর্শকের সামনে এসেছে, তবে এবার পথটা একেবারেই ভিন্ন। জানা যাচ্ছে, করণের প্রযোজনা সংস্থার নতুন ছবিতে আদিত্যকে দেখা যাবে এক মনস্তাত্ত্বিক ভয়ের কাহিনিতে, যা তাঁর অভিনয় জীবনে এক নতুন মোড় এনে দিতে পারে বলেই মনে করছেন অনেকে। আগামী বছরের মে মাস নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার কথা, আর সেই প্রস্তুতিও নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নীরবে।

শোনা যাচ্ছে, চিত্রনাট্য পড়েই দ্রুত সম্মতি জানিয়েছেন আদিত্য। গল্পের গঠন ও চরিত্রের গভীরতায় তিনি নাকি বেশ আশাবাদী। ছবিতে তাঁর বিপরীতে এক শীর্ষস্থানীয় নায়িকাকে নেওয়ার কথাবার্তাও শেষ পর্যায়ে। যদিও পরিচালকের নাম এখনও গোপন রাখা হয়েছে, তবু প্রাক্‌প্রস্তুতির গতিতে বোঝা যাচ্ছে, নির্মাতারা এই ছবিকে ঘিরে বড়সড় পরিকল্পনা করছেন। ভয়ের আবহ, মানসিক টানাপোড়েন আর রহস্য-সব মিলিয়ে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দিতে চায় এই উদ্যোগ।



অন্যদিকে করণ জোহরের ক্ষেত্রেও এই ছবি বিশেষ তাৎপর্যপূর্ণ। আগে ভৌতিক ঘরানায় হাত দিলেও প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। তবে এবার যেন নতুন উদ্যমে সেই ধারাতেই ফিরে আসছেন। পাশাপাশি আরও একাধিক ভৌতিক ও রহস্যভিত্তিক প্রকল্প নিয়েও ব্যস্ত তিনি। ফলে আদিত্যকে নিয়ে এই নতুন মনস্তাত্ত্বিক ভয়ের ছবি তাঁর প্রযোজনা তালিকায় এক নতুন মাত্রা যোগ করছে বলেই মনে করা হচ্ছে। বলিউডে এখন থেকেই কৌতূহল-এই জুটি কি তবে ভয়ের জগতে নতুন দিগন্ত খুলতে চলেছে?

টিজে/টিএ 





মন্তব্য করুন