নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলার সাংগঠনিক সম্পাদক মো. নাফিউল ইসলাম সিনহাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার বামনা উপজেলার নিজ গ্রামের বাড়ি বলইবুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিনহা বরগুনা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনের মাইঠা নামক এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার বামনা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। অভিযানে উপজেলার বলইবুনিয়া এলাকা থেকে মো. নাফিউল ইসলাম সিনহাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিনহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সিনহা গত ২৬ জানুয়ারি এবং বিভিন্ন সময়ে বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে সরকারবিরোধী লিফলেট বিতরণ, ঝটিকা মিছিল ও মশাল মিছিলের আয়োজন করেন। এছাড়া ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নো বোট-নো ভোট সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিলেন তিনি। বরগুনায় এসব কর্মকাণ্ড পরিচালনায় সিনহা প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলেও পুলিশ নিশ্চিত করেছে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সিনহাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে পাঠানো হয়েছে।
এসকে/টিএ