এনসিপি নেতার যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর হানা
ছবি: সংগৃহীত
০৬:৫১ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন শাহেদের যৌন উত্তেজক ওষুধ তৈরির অবৈধভাবে কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গত মঙ্গলবার অভিযান চালিয়ে ওই অবৈধ কারখানা থেকে যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ বিভিন্ন ক্ষতিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এনসিপি নেতা বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানায়, অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা হতো সেখানে।
এসব অবৈধ ওষুধসামগ্রী জব্দ করায় অনেক মানুষ ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শহরের গোয়ালচামট এলাকায় একটি ভাড়া বাসায় ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা’ নামের এই অবৈধ কারখানা পরিচালনা করছিলেন এনসিপি নেতা শাহেদ। সেখানে শিশুদের বেবি জেল ও বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি হতো।
ঘটনাস্থল থেকে জিল্লুর রহমান নামের এক কর্মচারীকে আটক করে তাকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের কারাদণ্ড দিয়েছে বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছে, অবৈধ কারখানাটি থেকে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিকারক কাঁচামাল জব্দ করা হয়েছে। কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে, এখানে আর কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।
এমআই/টিএ