দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড তারকা সোনম কাপুর। এই সময় অভিনয় থেকে আপাতত দূরেই রয়েছেন তিনি। তবে মুম্বইয়ে এলেই নানা সামাজিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নজর কাড়ছে। ফ্যাশনের ক্ষেত্রে বরাবরই আলাদা পরিচিতি রয়েছে সোনমের। গর্ভাবস্থার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, মুম্বইয়েতেই সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী। শারীরিক এই অবস্থাতেও নানা জায়গায় যাতায়াত করছেন তিনি, যা নিয়ে অনুরাগীদের কৌতূহলও কম নয়।
কয়েক দিন আগে কালো আঁটসাঁট পোশাকে সোনমকে দেখা যায়। খোলা চুল আর গাঢ় রঙের পোশাকে সেই সময় তাঁর চোখেমুখে খানিকটা ক্লান্তির ছাপ লক্ষ্য করেছিলেন অনুরাগীরা। সোমবার আবার এক অনুষ্ঠানে ধরা দিলেন সাদা পোশাকে। রোদচশমা, ফ্রেঞ্চ নট করে বাঁধা চুল, লম্বা স্কার্ট আর সাদা শার্টে আলাদা করে নজর কাড়েন তিনি। পেটের কাছে শার্টের খোলা বোতামে স্পষ্ট ছিল অভিনেত্রীর স্ফীতোদর।
অনুষ্ঠানকক্ষ থেকে বেরিয়ে আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুললেন সোনম। গাড়িতে ওঠার আগে আলোকচিত্রীরা তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাইলে হেসে জবাব দেন অভিনেত্রী। সোনম জানান, সব কিছু একেবারে ঠিক আছে এবং সকলের খোঁজখবরের জন্য ধন্যবাদ।
অন্তঃসত্ত্বা অবস্থায় প্রকাশ্যে সক্রিয় থাকার ক্ষেত্রে সোনম একা নন। এর আগেও করিনা কাপুর খান এই ধারা তৈরি করেছিলেন। পরে সেই পথেই হেঁটেছেন আলিয়া ভট্ট ও ইয়ামি গৌতম। মাতৃত্বের সময়টাকেও স্বাভাবিক জীবনের অংশ হিসেবে গ্রহণ করার এই প্রবণতা এখন বলিউডে নতুন নয়। সোনম কাপুরও সেই তালিকায় নিজের জায়গা আরও একবার স্পষ্ট করে দিলেন।
এসএন