© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

শেয়ার করুন:
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে আনতে মধ্যস্থতাকারী হিসেবে নতুন তৎপরতা শুরু করেছে রাশিয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি) ক্রেমলিন জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ বা সংরক্ষণের বিষয়ে তারা একটি বিশেষ প্রস্তাব দিয়ে রেখেছে। খবর রয়টার্স।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়া বেশ অনেকদিন ধরেই একটি সম্ভাব্য বিকল্প হিসেবে তাদের পরিষেবা দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে। এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক মহলে ইরানকে নিয়ে থাকা অনেক অস্বস্তি বা উত্তেজনার কারণ দূর হতে পারে। পেসকভ আরও যোগ করেন, রাশিয়া বর্তমানে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং পরিস্থিতি শান্ত করতে নিজের সাধ্যমতো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের এই অচলাবস্থা নিরসনে রাশিয়ার মতো একই ধরনের প্রস্তাব দিয়েছে তুরস্কও। আঙ্কারার একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের 'রক্ষক' হতে আগ্রহী। আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বৈঠকে তুরস্ক এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে রাশিয়ার এই প্রস্তাবের বিষয়ে তেহরান বা ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাশিয়া ও তুরস্কের এই প্রস্তাব কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

টিজে/টিকে 

মন্তব্য করুন