ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন। কারণ তারা কোনো না কোনো মতাদর্শের হতে পারে। তাতে নির্বাচন প্রভাবিত হতে পারে।
‘পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। যাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে, তাদের বাদ দিতে হবে’, যোগ করেন তিনি।
এছাড়া মাহদী আমিন বলেন,
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছু ইনজাস্টিসের শিকার হয়েছে, বিশেষ করে ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান এমন জায়গায় রাখা হয়েছে, যা ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এ বিষয়ে প্রতিকার এবং তদন্তের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার নিশ্চয়তা শতভাগ মন্তব্য করে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপিকে অনুকরণ করছে। যেমন: স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড এবং ভিশনের ধারণাগুলো এখন অন্য দলগুলোর ইশতেহারেও দেখা যাচ্ছে। এমনকি নেতাদের উপাধির ক্ষেত্রেও অনুকরণের সংস্কৃতি দেখা যাচ্ছে, যেটিকে বিএনপি রাজনৈতিক সৌজন্যবোধের অংশ হিসেবেই দেখছে।
তবে তিনি বলেন,
ইতিহাসে যা অনিবার্য সত্য, সেটা ধারণ করা উচিত। যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তারা ইতিহাস বিকৃত করে বয়ান তৈরি করতে চাইলে সেটি অত্যন্ত মর্মাহত করে জাতিকে। সত্য ও ন্যায়সঙ্গত ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করাই আগামী বাংলাদেশের প্রত্যাশা হওয়া উচিত এবং ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না।
মাহদী আমিন উল্লেখ করেন, তারেক রহমানই সংস্কার নিয়ে পরিকল্পনার কথা বলে আসছেন। এর আগে যাদের সংস্কার নিয়ে কথা বলতে দেখা যায়নি, তারা এখন বিভ্রান্ত করছে জাতিকে।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে প্রতিহিংসায় তার বিরুদ্ধে ১৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলেও জানান মাহদী আমিন। সেইসঙ্গে বুধবার (৪ ফেব্রুয়ারি) তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান তিনি।
বিপ্লবের পর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ইতিবাচক রাজনীতি করছে জানিয়ে মাহদী আমিন বলেন, ৫ আগস্টের পর যখন দেশে কোনো সরকার বা পুলিশ ছিল না, তখন তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা সারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সংখ্যালঘুদের রক্ষা করেছে। বিএনপি বর্তমানে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মৌলিক ভিত্তি নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে।
‘বিএনপির প্রধান দাবি হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটবে। নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো অনভিজ্ঞতা বা পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। বিএনপি বিশ্বাস করে, একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী’, যোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নে মাহদী আমিন বলেন,
ইশতেহার অনেকটাই প্রস্তুত। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণার পরিকল্পনা আছে। সেটি চূড়ান্ত হলে আপনাদের অবহিত করব।
টিকে/