নেটফ্লিক্সের নতুন ছবি ‘কর্তব্য’-তে আবারও পুলিশের পোশাকে দেখা যাবে সইফ আলি খানকে। এইবারের চরিত্রে তিনি ঝাঁ চকচকে অ্যাকশন নায়ক নয়, বরং এক বাস্তবসম্মত পুলিশ, যার লড়াই শুধু অপরাধীদের সঙ্গে নয়, পরিবারের সুরক্ষা ও দায়িত্ব পালনের জটিলতায়ও।
সইফের শেষ বড় পুলিশ চরিত্র ছিল আট বছর আগে ‘সেক্রেড গেমস’-এ। সরতাজ সিংয়ের চরিত্রটি ছিল সংশয়ী, নৈতিক দ্বন্দ্বে জর্জরিত, যা সংযত অভিনয়ে আলাদা ওজন পেয়েছিল। এরপর তাঁর ক্যারিয়ার কিছুটা দিশেহারা হয়ে পড়েছিল। রোমান্টিক নায়ক বা কমেডি হিসেবে তাঁর প্রভাব কমে গেছে, এমনকি অ্যান্টি-হিরো চরিত্রেও সেই প্রাক্তন জৌলুস নেই।
‘কর্তব্য’-এ গ্রামীণ ভারতের পটভূমিতে সইফের চরিত্র বহুস্তরীয়, যেখানে তিনি কঠিন ও অস্বস্তিকর সিদ্ধান্ত নেন। চরিত্রের সঙ্গে সমান গুরুত্ব পেয়েছে তাঁর সহ-অভিনেতাদের শক্তিশালী তালিকাও রসিকা দুগল, সঞ্জয় মিশ্র, সৌরভ দ্বিবেদী, জাকির হুসেন ও মনীশ চৌধুরী।
নির্মাতারা আশা করছেন, সইফের সংযত অভিনয় এবং জটিল চরিত্রের প্রয়োগ ‘কর্তব্য’-কে সাধারণ পুলিশ গল্পের ভিড়ে আলাদা করে তুলবে।
এমকে/টিএ