ছোট পর্দার অভিনেত্রী ফারিন খানের ফেসবুক ওয়ালে এখন বিষাদের ছায়া। গত কয়েকদিন ধরে তার দেওয়া একের পর এক স্ট্যাটাস ভক্তদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সরাসরি নাম প্রকাশ না করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, মিডিয়ারই এক প্রভাবশালী ব্যক্তির দ্বারা তিনি গত দুই বছর ধরে মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছেন। আগামী ১৫ তারিখ সেই ‘জালেম’-এর মুখোশ উন্মোচন করার হুমকিও দিয়েছেন ফারিন।
গত ৩১ জানুয়ারি রাত ২টা ১৭ মিনিটে এক স্ট্যাটাসে ফারিন লেখেন, “বিগত ২ বছর যাবত মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, অনেক নির্যাতিত হচ্ছি আমি। আগামী ১৫ তারিখ সব প্রকাশ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি অনেকবার কথা বলতে চাইলেও পারেননি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া আরেকটি পোস্টে তিনি ধর্মের দোহাই দিয়ে প্রতারণাকারীদের দিকে আঙুল তোলেন। ফারিন প্রশ্ন রাখেন, “জুলুম, অত্যাচার, মিথ্যাচার, প্রতারণা কি বড় পাপ, নাকি বিশ্বাস করা ও ভালোবাসা বড় পাপ? হজ-নামাজ করে জুলুম-প্রতারণা কি বেশি হারাম?” তার কথায় স্পষ্ট, ধর্মপ্রাণ লেবাসধারী কারও দ্বারা তিনি প্রবঞ্চিত হয়েছেন।
মিডিয়া কর্মীর দিকে অভিযোগের তির একই দিন বিকেলে দেওয়া সর্বশেষ পোস্টে ফারিন সরাসরি জানান, তার ওপর নির্যাতনকারী ব্যক্তিটি একজন মিডিয়া কর্মী। তিনি লেখেন, “একজন মিডিয়া কর্মী হয়ে সে যে কত বড় জালেম, তার প্রমাণ দিতে চাই ১৫ তারিখ।” ফারিনের এমন বিস্ফোরক মন্তব্যে শোবিজ পাড়ায় এখন তোলপাড়। কে সেই মিডিয়া কর্মী, তা জানতেই এখন অপেক্ষায় নেটিজেনরা।
এমকে/টিএ