বলিউডের পরিচিত মুখ মনোজ পাহওয়া বরাবরই নিজের কাজ আর ব্যক্তিত্বের জন্য আলাদা করে নজর কাড়েন। কখনও হাসির চরিত্রে, কখনও খলনায়কের ছায়ায় বহু বছর ধরেই দর্শকের কাছে তিনি ভরসার নাম। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি যে অভিজ্ঞতার কথা জানালেন, তা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে তারকামহলে। বিষয়টি ঘুরপাক খাচ্ছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের একটি ওয়েব ধারাবাহিকের প্রস্তাবকে কেন্দ্র করে।
শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করলেও ব্যক্তিগত ঘনিষ্ঠতা তেমন ছিল না মনোজের। তবু একসময় সরাসরি তাঁর সঙ্গেই যোগাযোগ করেন আরিয়ান খান। নিজের নতুন ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মনোজকে চাইছিলেন তিনি। কিন্তু প্রস্তাব পাওয়ার পরই না বলে দেন অভিনেতা। কারণ হিসেবে মনোজ জানান, তিনি চিত্রনাট্য দেখতে চেয়েছিলেন, অথচ প্রযোজনা পক্ষ থেকে তখন কাউকেই তা দেওয়া হচ্ছিল না। এই বিষয়টি তাঁর আত্মসম্মানে আঘাত করেছিল বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, নিজের বাড়িতে আরিয়ান বড় কেউ হতে পারেন, কিন্তু তিনি নিজেও কম নন; নিজের যাত্রাপথ আর লড়াইয়ের ইতিহাস তাঁর আলাদা।

তবে গল্প এখানেই থেমে থাকেনি। পরে প্রযোজনা পক্ষ থেকে একাধিক চিত্রনাট্য পাঠানো হয় মনোজের কাছে। সেগুলো পড়ে পছন্দও হয় তাঁর। ধীরে ধীরে আপত্তি গলে যায়, আর শেষ পর্যন্ত সেই ধারাবাহিকেই অভিনয় করতে সম্মত হন তিনি। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেছেন মনোজ। জানিয়েছেন, মাঝে মাঝেই সেটে হাজির হতেন শাহরুখ খান নিজে। এমনকি একসঙ্গে তাঁর বাসভবনে খাবারের আমন্ত্রণও পেয়েছিলেন তিনি। শুরুতে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত কাজের জায়গায় পারস্পরিক সম্মানই যে বড় হয়ে উঠেছিল, সেই ইঙ্গিতই স্পষ্ট মনোজ পাহওয়ার কথায়।
পিআর/টিকে