তৃতীয়বারের মতো ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে এসেছেন বলি ও টলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয়ে গত ডিসেম্বরে আইনি বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে সঙ্গীত জগতের আলোচনায় জোরালো হয়ে উঠেছে শ্রেয়ার নতুন সম্পর্কের জল্পনা, বিশেষ করে গায়ক ঈশান মিত্রকে কেন্দ্র করে।
৪ ফেব্রুয়ারি ঈশান মিত্রের জন্মদিনের অনুষ্ঠান ঘিরে এই জল্পনা আরও তীব্র হয়েছে। রাতে বড় করে জন্মদিন উদযাপন করেন ঈশান। অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করে। ভিডিয়োয় দেখা গেছে, কেক কেটে একে অপরকে খাইয়ে দিচ্ছেন তারা। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে শ্রেয়া জানিয়েছেন, ঈশান তাঁর কাছে একেবারেই সাধারণ বন্ধু মাত্র, আর পাঁচজনের মতোই। তিনি স্পষ্ট করেছেন, “ঈশান একেবারে বিশেষ কেউ নয়। যদি কোনো দিন ও ‘বিশেষ’ হয়ে ওঠে, আমি অবশ্যই জানাব।”
শ্রেয়ার এই মন্তব্য অনেকের কৌতূহল মেটিয়েছে। যদিও বিচ্ছেদের পর জয়জিৎ নিজে কোনো মন্তব্য করেননি, কয়েক দিন আগে তিনি নিজের বিবাহবার্ষিকীতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তাদের ছেলে যশোজিৎ বর্তমানে দাদু-ঠাকুমার সঙ্গে থাকেন। শ্রেয়ার এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু হলেও বন্ধুত্বের সীমারেখা সম্পর্কে তিনি সতর্ক।
পিআর/টিকে